জকিগঞ্জে ৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন জাকির হোসাইন

Spread the love


আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জকিগঞ্জ উপজেলার ৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন।

রবিবার সকালে জকিগঞ্জ পৌরসভার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজার আগে এমন আয়োজন ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এজন্য তারা জাকির হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসাইন বলেন, “বিএনপি সব ধর্মের প্রতিই সমান শ্রদ্ধাশীল। জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে দুর্গাপূজার আগে মতবিনিময় করতে পেরে আমি আনন্দিত। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ—বাংলাদেশে কোনো বৈষম্য নয়, সবাইকে মিলেমিশে একসঙ্গে থাকতে হবে। মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ।”

সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস। শুরুতে গীতা পাঠ করেন কমিটির সিনিয়র সহ-সভাপতি হিরালাল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাবেক সভাপতি বদরুল হক বাদল এবং সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি।

এছাড়া বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সদস্য শুভ্র কান্তি দাশ, জতিম চন্দ্র পাল, জকিগঞ্জ পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন রায়, কাজলসার ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি রাধা রঞ্জন বিশ্বাস, সুলতানপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপম বিশ্বাস, মুক্তিযোদ্ধা বাবুল রঞ্জন নাথ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব লায়েক।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার ৮৫টি পূজামণ্ডপের প্রতিনিধি, জকিগঞ্জ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *