
জকিগঞ্জ টিভি :: ঈদের নতুন পোশাক যে কোনো শিশুর কাছেই পরম আনন্দের। কিন্তু সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্ন-মধ্যবিত্ত শিশুদের জন্য সেই আনন্দ অনেক সময় অধরাই থেকে যায়। সেই অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিম পাওয়ার অর্গানাইজেশন।
জকিগঞ্জে পবিত্র ঈদুল ফিতরে উপলক্ষে এই সংগঠনের উদ্যোগে প্রায় ৮০ জন শিশুর মাঝে ঈদ বস্ত্র ও মেহেদী বিতরণ করা হয়েছে। তবে এই আয়োজনের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল এর প্রক্রিয়া। সাধারণত উপহার হিসেবে শিশুদের হাতে ঢালাওভাবে পোশাক তুলে দেওয়া হলেও, এখানে শিশুরা সরাসরি দোকানে গিয়ে নিজেদের পছন্দমতো রঙ ও নকশার পোশাক বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। কাপড়ের দোকানে নিজেদের পছন্দের পোশাকটি খুঁজে পাওয়ার সময় শিশুদের চোখে-মুখে যে তৃপ্তির ঝিলিক দেখা গেছে, তা ছিল এই আয়োজনের সার্থকতা।
নতুন পোশাকের পাশাপাশি শিশুদের ঈদ আনন্দকে পূর্ণতা দিতে আয়োজন করা হয় মেহেদী উৎসবের। ছোট ছোট হাতগুলো মেহেদীর লাল রঙে রাঙিয়ে তোলার মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই ড্রিম পাওয়ার অর্গানাইজেশন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্পূর্ণ নিজেদের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের ব্যক্তিগত অর্থায়নে এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে। তাদের লক্ষ্য ছিল কেবল সাহায্য করা নয়, বরং শিশুদের আত্মসম্মান ও পছন্দকে প্রাধান্য দিয়ে তাদের ঈদের খুশিতে অংশীদার হওয়া।
ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সৃজনশীল কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। এই ধারা অব্যাহত রাখতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এলাকার বিত্তবান ব্যক্তি ও তরুণ প্রজন্মকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন ড্রিম পাওয়ারের কর্মীরা।
তারা বলেন, ”শিশুদের এই বাঁধভাঙ্গা উল্লাস প্রমাণ করে যে, সামর্থ্যবানদের একটু সদিচ্ছা আর ভালোবাসাই পারে সমাজের অন্ধকার কোণে থাকা শিশুদের জীবনে ঈদের প্রকৃত আনন্দ পৌঁছে দিতে।”