কালিগঞ্জে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার ইফতার ও বস্ত্র বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি :: সিলেটের কালিগঞ্জ বাজারে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেছে ‘জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশ’। গত শনিবার (৭ মার্চ) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে স্থানীয় সুবিধাবঞ্চিত নারী-পুরুষের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। এছাড়া প্রায় ছয় শতাধিক পথচারীর হাতে ইফতার ও খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মাতারগ্রামের বাসিন্দা অসুস্থ আব্দুস ছালামের চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই দরিদ্র রোগীদের চিকিৎসা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে আসছে। এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি তমাল মজুমদার-এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষাংশে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হাছিব। এতে সংগঠনের জেলা কমিটির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক শামীমের প্রয়াত পিতার আত্মার মাগফিরাতও কামনা করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে তাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *