
সিলেটের জকিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ইলাবাজ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতির বাড়িতে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত ঘরগুলো ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এ সময় ইউএনও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটটি ঘর পরিদর্শন করেন। একই বাড়ির বাবরের দুটি ঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরও সমবেদনা জানান তিনি।
ইউএনও সুজিত কুমার চন্দ বলেন, সম্প্রতি আগুনে দুটি পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের প্রতি সমবেদনা জানাতেই পরিদর্শনে এসেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও ঢেউটিন দেওয়া হবে। পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকেও অনুদানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোশাররফ হোসেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নাসহ স্থানীয়রা।
প্রসঙ্গত, সম্প্রতি অগ্নিকাণ্ডে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখলাছুর রহমানের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি পার্শ্ববর্তী বাবরের দুটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়।
এখলাছুর রহমানের দাবি, অগ্নিকাণ্ডে তার প্রায় ২০ থেকে ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন এবং সহযোগিতার আশ্বাস দেওয়ায় তিনি ইউএনও ও পিআইওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।