সুরমা নদীর বালুমহালে অভিযোগের পর মোবাইল কোর্ট, অনিয়মের প্রমাণ পায়নি উপজেলা প্রশাসন

Spread the love

জকিগঞ্জ টিভি ডেস্ক::: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নয়াগাঁও মৌজায় সুরমা নদীর বালুমহালে ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগের পর মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। তবে সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা বা কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দের নেতৃত্বে বালুমহালের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলো নির্ধারিত ডিমার্কেশন এলাকার মধ্যেই অবস্থান করছে বলে দেখা যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করতে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরেজমিন পরিদর্শনের সময় অভিযোগের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। ইজারাদারের ব্যবহৃত সব ড্রেজারই নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করছিল।

মোবাইল কোর্ট চলাকালে অভিযোগকারী ও উপস্থিত স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রশাসন জানতে পারে, শুক্রবার সারাদিনই ড্রেজারগুলো জকিগঞ্জ অংশের নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করেছে। এ সময় ভবিষ্যতে নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বালুমহালের কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। ইজারার শর্ত লঙ্ঘন করে বা নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *