
ইদানীং জকিগঞ্জে নামে-বেনামে বেশ কিছু ফেসবুক পেজ ও আইডি চোখে পড়ছে। এসব পেজ বা আইডি কে বা কারা পরিচালনা করছেন, তাদের পরিচয় কী, কোথা থেকে তারা কাজ করছেন কিংবা কোনো স্বীকৃত গণমাধ্যমের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কি না অনেক ক্ষেত্রেই তা পরিষ্কার নয়।
নাগরিক সাংবাদিকতা হোক কিংবা প্রফেশনাল সাংবাদিকতা সাংবাদিকতার সঙ্গে পরিচয়, দায়িত্ববোধ ও জবাবদিহিতা থাকা জরুরি। কারণ সংবাদ প্রকাশ করা শুধু একটি তথ্য পোস্ট করার বিষয় নয়; এর সঙ্গে সত্যতা যাচাই, নৈতিকতা, পেশাগত আচরণ এবং মানুষের প্রতি দায়বদ্ধতার বিষয়টি জড়িত।
ইদানীং অনেকেই ফোন করে জানতে চান “অমুক পেজটি কে চালায়?”, “এর সঙ্গে কোন সাংবাদিক জড়িত?”, “কোন প্রেসক্লাবের দায়িত্বশীল ব্যক্তি এটি পরিচালনা করছেন?”
দুঃখজনক হলেও সত্য, অনেক সময় এসব প্রশ্নের উত্তরে বলতে হয় পেজটির নামই প্রথম শুনলাম, কে বা কারা পরিচালনা করছেন তাও জানি না।
নতুন যারা সাংবাদিকতায় আসতে চান, তাদের প্রতি আন্তরিক অনুরোধ সাংবাদিকতা করুন, তবে দায়িত্বশীলভাবে। নিজের পরিচয় গোপন রেখে সাংবাদিকতা করার প্রয়োজন কী?
প্রেসক্লাবে যুক্ত থাকারও গুরুত্ব আছে প্রেসক্লাব শুধু একটি সংগঠনের নাম নয়; এটি সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিকভাবে একসঙ্গে কাজ করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
একজন নতুন সাংবাদিক প্রেসক্লাবের সঙ্গে যুক্ত থাকলে অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ লেখা, সোর্স ব্যবস্থাপনা, সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত আচরণ সম্পর্কে শেখার সুযোগ পান। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও যোগাযোগ তৈরি হয়, বিভিন্ন পেশাগত বিষয়ে সহযোগিতা পাওয়া যায় এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও স্বার্থ নিয়ে সম্মিলিতভাবে কথা বলার সুযোগ তৈরি হয়।
তবে প্রেসক্লাবের সদস্য হওয়াই সাংবাদিকতার একমাত্র পরিচয় নয়। জকিগঞ্জে প্রেসক্লাবের সদস্য না হয়েও অনেকেই নিজ পরিচয়ে সাংবাদিকতা করছেন।
আপনিও আসুন, কাজ করুন, শিখুন। স্থানীয় কিংবা জাতীয় কোনো পত্রিকা বা গণমাধ্যমে কাজ করার চেষ্টা করুন। সুযোগ থাকলে বড় কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করুন। এতে সংবাদ লেখার নিয়ম, তথ্য যাচাই, সংবাদ সংগ্রহ, সাংবাদিকতার নীতিমালা এবং পেশাগত আচরণ সম্পর্কে অনেক কিছু শেখার সুযোগ পাবেন।
সাংবাদিকতা একটি মহান পেশা। এটিকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল, কাউকে হয়রানি কিংবা অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করবেন না।
মনে রাখতে হবে, আমরা এখন তথ্যপ্রযুক্তির যুগে বাস করছি। পরিচয় গোপন রেখে দীর্ঘদিন কাজ করে যাওয়া খুব সহজ নয়। প্রয়োজন হলে একটি পেজ বা আইডির পেছনে কারা রয়েছেন, সেটিও শনাক্ত করা সম্ভব।
তাই আসুন কেউ কারও প্রতিদ্বন্দ্বী না হয়ে সাংবাদিকতার একটি সুস্থ, স্বচ্ছ ও দায়িত্বশীল পরিবেশ তৈরি করি।
পরিচয় গোপন করে নয়, পরিচয় প্রকাশ করে সাংবাদিকতা করুন।
গুজব নয়, তথ্য দিন।
ব্যক্তিস্বার্থ নয়, মানুষের কথা বলুন।
সাংবাদিকতার নামে বিভ্রান্তি নয়, সত্য প্রকাশ করুন।
নতুন যারা এই পেশায় আসছেন, আপনাদের স্বাগত।
শিখুন, কাজ করুন, নিজেকে প্রতিষ্ঠিত করুন তবে সাংবাদিকতার মর্যাদা, দায়িত্ববোধ ও নৈতিকতাকে সবসময় সামনে রাখুন।
লেখক-
সহ সভাপতি, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
জকিগঞ্জ প্রতিনিধি, দৈনিক রূপালী বাংলাদেশ।
ম্যানেজিং ডিরেক্টর, জকিগঞ্জ টিভি।