
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জকিগঞ্জ থানা পুলিশের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জকিগঞ্জ বাজারের একটি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) প্রণব বিশ্বাস।
সভায় থানা এলাকার ৮৫টি পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু কমিউনিটির প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৃষ্টি উপেক্ষা করে অংশ নেন। এছাড়াও ফায়ার সার্ভিস, বিজিবি, আনসার ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো পূজামণ্ডপে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করার জন্য উপস্থিতদের অনুরোধ করা হয়।