
সিলেটে অবস্থানরত জকিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি (জেডএসসি)-এর ৯ম অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় সিলেট উপশহরস্থ সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেডএসসি’র উপদেষ্টা ও সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অধ্যক্ষ রোটারিয়ান মো. মহিউদ্দিন ফারুক, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ও বাংলাদেশ সরকারি প্রাইমারী টিচার্স এসোসিয়েশন জকিগঞ্জের সভাপতি আব্দুশ শহীদ তাপাদার।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জুয়েল আহমদ সাজু ও জাতীয় সংগীত পরিবেশন করেন মিনহাজ ও তার দল। পরে জকিগঞ্জ কমিউনিটির প্রযোজিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্য দেন জেডএসসি’র সম্মানিত সদস্য পিয়ার মাহমুদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জে এফ চৌধুরী ফাহিম। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হাসান মো. কাজিম।
দ্বিতীয় পর্বে বিদায়ী সভাপতি আরাফাত আহমদ চৌধুরী ফুল দিয়ে নতুন সভাপতি হাসান মো. কাজিমকে বরণ করে নেন। এ সময় জেডএসসি’র ৮ম প্রকাশনা ‘দর্পণ’ এর মোড়ক উন্মোচন করা হয়। পরে জকিগঞ্জ কমিউনিটির আহ্বায়ক মাহফুজ লস্কর কমিউনিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেডএসসি’র সম্মানিত সদস্য তারেক আহমদসহ বিভিন্ন অতিথি। এছাড়াও বক্তব্য রাখেন গো জাপান একাডেমির সিইও হাসান আল হাদী, প্লাস পয়েন্টের সিইও জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক সভাপতি সাকিব আল হাসান, ইসমাইল হোসেন খান, দেলওয়ার হোসাইন রনি, মামুনুর রশীদ, সাংবাদিক এনামুল হক মুন্নাসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ আয়োজন ‘ফাইভ মিনিট ফর লার্নিং’-এ বিজয়ী হন তমালিকা আহমদ তৃণা। পাশাপাশি জকিগঞ্জের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয় ব্লাড ডোনেশন জকিগঞ্জ, সুরমা ব্লাড ফাউন্ডেশন, বারহাল ছাত্র পরিষদ, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও বিরশ্রী যুব সমাজকল্যাণ সংস্থাকে।
অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন অর্থ সম্পাদক মারজান আহমদ। সবশেষে সভাপতি হাসান মো. কাজিম ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।