
জকিগঞ্জের প্রখ্যাত আলেম শাহ সুফী হযরত মাওলানা হাবিবুর রহমান গণিপুরী (রহ.)-এর মেঝো ছাহেবজাদা ও গণিপুর গ্রামের প্রবীণ মুরব্বি আলহাজ্ব মাওলানা মোঃ নূরুল হক আর নেই। ৯ আগষ্ট শনিবার তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১১ আগস্ট, সোমবার সকাল ১১টায় গণিপুর ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। পরে গণিপুর ছাহেববাড়ী সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অশ্রুসিক্ত নয়নে জানাজার মোনাজাত পরিচালনা করেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলী। ইমামতি করেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহর সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমের স্মৃতিচারণ করেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর নাতি মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান, প্রবীণ আলেম মাওলানা আব্দুর রহিম কামালী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, নবীগঞ্জ কদুরবাজার দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এবং মরহুমের ছেলে লন্ডন প্রবাসী ফারুক আহমদ।
মাওলানা নূরুল হক গণিপুরী অত্যন্ত বিনয়ী, মুত্তাকী ও পরহেজগার একজন আলেম ছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এএন/২০২৫