ঝড়ে ভেঙে গেলো মাদরাসার ঘর: অনিশ্চয়তায় রশিদিয়া মাদরাসার পাঠদান কার্যক্রম

Spread the love

জকিগঞ্জ টিভি ডেস্ক:::

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নে ভয়াবহ ঝড়-তুফানে রশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মাদ্রাসাটির একমাত্র টিনসেড ঘরটি সম্পূর্ণ ধসে পড়ে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার পথে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাটিতে পূর্বে প্রায় ১০০ ফুট দীর্ঘ একটি সেমিপাকা ঘর ছিল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় একটি ফ্লাড সেল্টার ভবন নির্মাণের অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনায় পুরাতন ভবনটি ভেঙে ফেলা হয়। নির্মাণ কাজ শুরু না হওয়ায় ক্লাস চালিয়ে নিতে দ্রুত একটি অস্থায়ী টিনসেড ঘর তৈরি করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক দুর্যোগে সেটিও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুল বলেন, “আকস্মিক ঝড়ে আমাদের শেষ আশ্রয়টুকুও হারালাম। এখন শিক্ষার্থীরা কোথায় বসে ক্লাস করবে? সরকারি সহায়তা ও স্থানীয়দের সহমর্মিতা ছাড়া এ সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই।”

তিনি আরও জানান, ফ্লাড সেল্টার ভবনের টেন্ডার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় বর্তমানে তা রিটেন্ডার প্রক্রিয়ায় রয়েছে।

এ বিষয়ে বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মজা চৌধুরী টিপু বলেন, “ঘটনার পরপরই আমি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছি। যেভাবেই হোক, মাদ্রাসাটিকে রক্ষা করতেই হবে। প্রয়োজনে স্থানীয়ভাবে বেসরকারি উদ্যোগেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের বলছি আপনারা আমাদের ওপর আস্থা রাখুন, আমরা আপনাদের পাশে আছি এবং থাকব।”

উল্লেখ্য, বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়নত রয়েছে। মাদরাসার ঘরটি ভেঙে যাওয়ায় তাদের পাঠকার্যক্রম এখন চরম অনিশ্চয়তার মুখে। স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়ে বলেন, “শিক্ষার আলো ছড়ানো এ মাদরাসার কার্যক্রম কোনোভাবেই যেন নিভে না যায়।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *