
সুজন উদ্দিন :
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগের দাবিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন বৃহস্পতিবার, ২৪ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
“জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই” এই স্লোগান ধারণ করে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া শিক্ষাক্ষেত্রে একটি বৈষম্যের চিত্র তুলে ধরে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে, তখন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সে সুযোগ থেকে বঞ্চিত করা অযৌক্তিক।
আয়োজক প্রতিষ্ঠানের প্রধান বলেন, আমাদের শিক্ষার্থীরাও এ দেশের সন্তান। তাদের সঙ্গে এই বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, সব শিশু সমান সুযোগ পাক।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুরুল ইসলাম। তিনি বলেন, এই বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানাই।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মৃণাল কান্ত দাস, তানভীর আহমদ, কাজী হারুনুর রশিদ, সুজন উদ্দিন, টিংকু মালাকার, ইমরান হোসাইন ও জাহিদ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য সাবুল আহমদ, নজরুল ইসলাম নজইসহ অসংখ্য অভিভাবক ও স্থানীয়রা।