
জকিগঞ্জ টিভি ডেস্ক:
জকিগঞ্জ উপজেলার অধিকাংশ এলাকায় বিগত কয়েকদিন ধরে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে ঘন ঘন লোডশেডিং। দিন হোক বা রাত প্রায়ই দেড় দুই ঘণ্টা পর মাত্র কিছু সময়ের জন্য বিদ্যুৎ আসছে, তারপর আবার ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকছেন উপজেলাবাসী। ফলে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
এই তীব্র গরমে অনবরত লোডশেডিং শিশু-বৃদ্ধ থেকে শুরু করে অফিসপাড়া ও ব্যবসায়িক কার্যক্রমে ফেলেছে মারাত্মক প্রভাব। সবচেয়ে হতাশাজনক বিষয় হচ্ছে লোডশেডিংয়ের সময় সম্পর্কে কোনো পূর্ব ঘোষণা দেওয়া হয় না। গ্রাহকরা বলছেন, জকিগঞ্জ জোনাল অফিস এর অভিযোগ নাম্বারে কল করলে অধিকাংশ সময় সেটি ‘ব্যস্ত’ পাওয়া যায়, আবার কেউ কল রিসিভ করলেও সঠিক তথ্য দিতে পারেন না। অভিযোগ নাম্বারে কল দিলে বিদ্যুৎ কর্মকর্তা অপেশাদার আচরণ করেন, যেন গ্রাহক কল দিয়ে বড় কোনো অপরাধ করে ফেলেছেন!
এক ক্ষুব্ধ গ্রাহকের প্রশ্ন “বিদ্যুৎ কবে আসবে, সেটা জানার অধিকার কী আমাদের নেই? বিদ্যুৎ কর্মকর্তারা কেন এরকম আচরণ করবেন?
আরেকজন বলেন, “কোনো দুর্ঘটনা ঘটলে বা জরুরি তথ্য দিতে হলে, কার সঙ্গে যোগাযোগ করব? বিদ্যুৎ অফিসে দায়িত্বরত কাউকে পাওয়া তো প্রায় অসম্ভব!”
জকিগঞ্জ সদর ও পৌর শহরের কিছু অংশে তুলনামূলকভাবে লোডশেডিং কম হলেও, গ্রামীণ এলাকার মানুষ বারবার অবহেলার শিকার হচ্ছেন।
গ্রাহকদের প্রশ্ন, এই বৈষম্যের কারণ কী?
শুধু বিদ্যুৎ সংযোগ নয় গ্রাহক সেবার অন্যান্য ক্ষেত্রেও গ্রাহকেরা ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রাহক সুজন উদ্দিন জানান, মিটার পুনঃস্থাপনের আবেদন করে বারবার কল দিয়েও কাজ হচ্ছে না উল্টো কালিগঞ্জ অফিসে কল দিলে বলা হচ্ছে জকিগঞ্জ অফিসে যোগাযোগ করতে, জকিগঞ্জ অফিসে বলা হচ্ছে কালিগঞ্জ অফিসে যোগাযোগ করতে এভাবে গ্রাহকদের ঘুরাচ্ছে জকিগঞ্জের পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
সমস্যা একই থাকলে বদলেছে এখন কর্তৃপক্ষের ব্যাখা। পূর্বে লোডশেডিং হলে বলা হতো ৩৩ কেভি লাইনে সমস্যা। এখন বলা হচ্ছে “চারখাই গ্রিড লাইনে” সমস্যা। গ্রাহকদের প্রশ্ন মূল সংযোগ তো একটিই তাহলে সমস্যার স্থায়ী সমাধান কোথায়?
গ্রাহকদের অভিযোগ ও লোডশেডিং এর ব্যাপারে ডিজিএমকে কল দিলে তাকে পাওয়া যায়নি। তবে, এজিএম জানান, ” বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। ১১/১২ মেগাওয়াট এর জায়গায় তারা গ্রিড থেকে ০৭ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন ফলে লোডশেডিং হচ্ছে। ”কবে নাগাদ ঠিক হবে এ সমস্যা?” প্রশ্নের জবাবে তিনি বলেন ”এটা বলা যাচ্ছে না, সরকার বিদ্যুৎ উৎপাদন করে তাই এটি সরকার বলতে পারবে।”
অভিযোগ নাম্বারে কল দিলে পাওয়া যায় না এ ব্যাপারে এজিএম জানান, ” একটায় কথা বলার সময় আরও ১৫ টা ডুকতেছে তাই ঐগুলায় ব্যস্ত দেখায়”।