
যুক্তরাজ্যের ব্রিকলেন জামে মসজিদে বৃহস্পতিবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে প্রখ্যাত বুযুর্গ, ইউকে ওলামা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, আনজুমানে আল-ইসলাহ ইউকের প্রতিষ্ঠাতা ও শায়খুল হাদীস আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রাহ.)-এর পঞ্চম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল।
আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন তাঁর বড় ছাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী। পবিত্র কুরআন তিলাওয়াত করেন ছোট ছাহেবজাদা ক্বারী মাহবুবুর রহমান চৌধুরী।
মাহফিলে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রখ্যাত আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইসলামি চিন্তাবিদ ও সর্বস্তরের জনগণ অংশ নেন। বক্তারা আল্লামা দুবাগী (রহ.)-এর বর্ণাঢ্য কর্মজীবন, ইসলাম প্রচারে তাঁর অবদান ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরেন।
বক্তব্য রাখেন আল্লামা সাদিক কোরেশী আল-আজহারী, আল্লামা শের আহমদ বারকাতি, আল্লামা হবিবুর রহমান চাতকী, শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল, মাওলানা অলিউর রহমান চৌধুরী, মুফতি সৈয়দ মাহমুদ আলী, আলহাজ শফিকুর রহমান চৌধুরী, আল্লামা সানাউল্লাহ ছেটি, মুফতি ইলিয়াস হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মুহিউস-সুন্নাহ চৌধুরী, মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, মাওলানা শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা আব্দুল জলিল, মাওলানা আমিনুল ইসলাম জলঢুপী, ড. হেলাল আহমদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, মাওলানা হুসাম উদ্দিন আল-হুমাইদি, মাওলানা আলী আহমদ, হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, ক্বারী ইউনুস আহমদ, মাওলানা আব্দুল আজিজ, হাফিজ মাওলানা ওহিদ উদ্দিন সিরাজী, হাফিজ খায়রুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.) কুরআন-সুন্নাহর প্রকৃত শিক্ষা প্রচার ও প্রসারে আজীবন নিবেদিত ছিলেন। তিনি ছিলেন একাধারে ফকীহ, মুফাসসির, মুহাদ্দিস ও আধ্যাত্মিক সাধনায় সিদ্ধপুরুষ। তার রচনাবলী, দাওয়াতি খেদমত ও নৈতিকতা সবমিলিয়ে তিনি একজন যুগশ্রেষ্ঠ ইসলামি ব্যক্তিত্ব।”
মাহফিলের শেষ অংশে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।