জকিগঞ্জ-আটগ্রাম সড়কে ট্রাক সংঘর্ষে চালক গুরুতর আহত

Spread the love

সিলেটের জকিগঞ্জ-আটগ্রাম সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ব্যস্ততম এ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক ধীরগতিতে চলছিল। এমন সময় পিছন থেকে আসা দ্রুতগতির অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকটিকে জোরে ধাক্কা দেয়। সংঘর্ষে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক মারাত্মকভাবে আহত হন।

আহত চালককে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ বলেন, “আহত চালকের পায়ে গভীর ক্ষত রয়েছে এবং একটি রগ ছিঁড়ে গেছে। উন্নত চিকিৎসার প্রয়োজনেই তাকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে ট্রাক দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘ সময় বিশ্রামহীন গাড়ি চালানোই এমন দুর্ঘটনার অন্যতম কারণ। চালকদের ঘুমঘোরে চালনা বা ক্লান্তি থেকেই এ ধরনের ঘটনা বাড়ছে বলে তারা মনে করেন। বাধ্যতামূলক বিশ্রাম ও সড়ক নিরাপত্তা কার্যকর করার দাবি জানান তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *