
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশিদ গ্রামের আব্দুস সামাদ (৩০) সৌদি আরবে আটকে রেখে মৃত্যুবরণ করেছেন। তাকে বিদেশে নেওয়ার পর আট মাস ধরে কোনো কাজ না দিয়ে চরম মানবেতর অবস্থায় বন্দি করে রাখা হয়। শারীরিক ও মানসিক নির্যাতনে তার মৃত্যু ঘটে।
অভিযুক্ত দালাল কবির আহমদ অনিক বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে এবং একটি আন্তর্জাতিক দালাল চক্রের ডন হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, সে সৌদিতে বসেই বন্দিদের খাবার দিয়ে ভিডিও করে পরিবারের কাছে পাঠায় এবং মিথ্যে প্রচার করে যে তারা ভালো আছে।
অনিকের পিতা অহিদুর রহমান আইদু, বারঠাকুরী ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। তার চাচা সাবেক ওসি মুহিবুর রহমান। প্রভাবশালী এই পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রবাসী প্রতারণার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ২১ জুন (শনিবার) আমলশিদ বাসস্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আতাউর রহমান এবং পরিচালনা করেন মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। কুরআন তেলাওয়াত করেন আরিফ আহমদ।জকিগঞ্জের প্রবাসীর নির্মম মৃত্যু, লাশ আটকে রেখেছে দালাল চক্র: এলাকাবাসীর মানববন্ধন
মানববন্ধনে বক্তব্য রাখেন সামাদের পিতা আব্দুল মতিন মেম্বার, যিনি অভিযোগ করেন—বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। আরও বক্তব্য রাখেন জমিল আহমদ, হাফিজ জিল্লুর রহমান, বদরুল ইসলাম, আলমগীর হোসেন, জিয়াউর রহমান জিয়াব, আক্তার হোসেন রাজন, জাহিদ আহমদ নাহিদ, গুলজার হুসেন, মনসুর আহমদ ও শিপন আহমদ লায়েক প্রমুখ।
বক্তারা, অবিলম্বে কবির আহমদ অনিক ও তার পিতা অহিদুর রহমান আইদুর পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং সামাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান।