জকিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত শিশু মারা গেছে; পরিবারে শোকের ছায়া

Spread the love

সিলেট-জকিগঞ্জ মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তিন মাস বয়সী শিশু আব্দুল্লাহ আল মুরসালিন মারা গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু ছাব্বির আহমদের ছেলে।

এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’জনে।

এর আগে বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন অফিস বাজারের দক্ষিণ পাশে বর-কনে বহনকারী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা একটি টমটমের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই মারা যান টমটম চালক শাহাব উদ্দিন সাবু (৪৫)। তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা (রাড়িগ্রাম) গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা বর-কনে ও বরযাত্রীদের কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই এলাকাবাসী দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *