অ্যাপে লোভ দেখিয়ে বিনিয়োগের ফাঁদ: কোটি টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

Spread the love

অনলাইন অ্যাপে লোভনীয় অফার দেখিয়ে কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে এক প্রতারক চক্র। ‘এসএএ’ (SAA) নামের একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে সংঘবদ্ধ এই চক্র দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে লক্ষ লক্ষ টাকার ফাঁদে ফেলেছে।

প্রথমে বিনিয়োগকারীদের প্রলোভন দেখানো হয়, ৮,০০০ টাকা বিনিয়োগ করলে প্রতিদিন ৩৫০ টাকা এবং ২৯,০০০ টাকা দিলে প্রতিদিন ১,১০০ টাকা পর্যন্ত মুনাফা মিলবে। অনেকে প্রাথমিক পর্যায়ে অল্প অল্প লাভ পেয়ে আরও বড় অঙ্কের বিনিয়োগে উৎসাহিত হন। ‘রেফার ও আর্ন’ স্কিম চালু করে অন্যদের যুক্ত করার মাধ্যমে এটি কার্যত একটি পনজি স্কিমে রূপ নেয়।

ভয়াবহ চিত্র চৌধুরীবাজারে

সিলেটের জকিগঞ্জ উপজেলার চৌধুরীবাজার এলাকায় এ ঘটনার প্রভাব ছিল সবচেয়ে গুরুতর। স্থানীয়দের ভাষ্যমতে, শুধু এই অঞ্চল থেকেই প্রায় ৭০০ জন ব্যক্তি দেড় কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন। অনেকে নিজেদের জমানো টাকা খুইয়েছেন, কেউ কেউ গহনা বিক্রি বা ঋণ করেও এই অ্যাপে অর্থ ঢেলেছেন।

হঠাৎ অ্যাপ উধাও, নিঃস্ব গ্রাহকরা

প্রথম কয়েক মাস লাভ দেওয়ার পর হঠাৎ করে অ্যাপটি বন্ধ হয়ে যায়। লগইন করতে না পেরে গ্রাহকরা তখন বুঝতে পারেন, তারা প্রতারণার শিকার হয়েছেন। এখন তারা দিশেহারা, আইনগত সহায়তা পাবেন কি না—এ নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিশেষজ্ঞদের পরামর্শ: সচেতন হোন

অর্থনীতিবিদ ও প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, উচ্চ হারে লাভের প্রতিশ্রুতি দিয়ে কেউ যদি অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগের আহ্বান জানায়, তাহলে তা যাচাই-বাছাই ছাড়া গ্রহণ করা উচিত নয়। তারা আরও বলেন, এসব স্কিম সাধারণত প্রাথমিক পর্যায়ে কিছু মানুষকে লাভ দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করে, তারপর হঠাৎ গায়েব হয়ে যায়।

সাইবার প্রতারণার এই ধরণ দিনে দিনে বেড়েই চলেছে। প্রযুক্তির সুবিধা যেমন উন্নয়ন এনে দিচ্ছে, তেমনি অসতর্ক ব্যবহার মানুষকে সর্বস্বান্তও করছে। সচেতনতা ও দ্রুত আইনগত পদক্ষেপই পারে এসব চক্রকে প্রতিহত করতে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *