কুশিয়ারা নদীর ভাঙন মেরামত সহ ১৫ দফা দাবি, স্মারকলিপি প্রদান জনদাবি আদায় পরিষদের

Spread the love


কুশিয়ারা নদীর ভাঙন রোধ, ডাইক মেরামতসহ ১৫ দফা দাবিতে সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে “জনদাবি আদায় পরিষদ”। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রতিবছর কুশিয়ারা ও সুরমা নদীর ভাঙনে জকিগঞ্জ উপজেলার বহু জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে শুধু মানচিত্র সংকুচিত হচ্ছে না, গৃহহীন হয়ে পড়ছে শত শত পরিবার, নষ্ট হচ্ছে ফসলি জমি। অবিলম্বে ভাঙন রোধ, ডাইক মেরামত ও অন্যান্য জরুরি দাবিসমূহ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনদাবি আদায় পরিষদের আহ্বায়ক মুফতি আবুল হাসান, সদস্য সচিব মোস্তাক আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, শ্রমিক মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, পৌর আল ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান, উপজেলা আল ইসলাহর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা ফদ্বলুর রহমান, খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন এবং ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাকালে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার উপস্থিতিতে উত্তেজনার সৃষ্টি হয়। নেতৃবৃন্দ কুশিয়ারা নদী ভাঙনের জন্য অবহেলার অভিযোগ তুলে তাঁর ওপর ক্ষোভ প্রকাশ করেন। পরে ওই কর্মকর্তা আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে ডাইক মেরামতের আশ্বাস দেন।

স্মারকলিপি গ্রহণ করে ইউএনও মাহবুবুর রহমান বলেন, “বিষয়গুলোকে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে।”

জনদাবি আদায় পরিষদের নেতারা বলেন, কুশিয়ারার ভাঙনে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সামনে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তারা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *