জকিগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

Spread the love

বাংলাদেশ সরকারের “প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)” এর অবহিতকরণ সেমিনার মঙ্গলবার (৩ জুন) দুপুরে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সেমিনারে প্রান্তিক জনগণের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাশ এর সঞ্চালনায় সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ওসমানীনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রকল্প ট্রেইনার জয়িতা দত্ত।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সুজন মিয়া, কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও এনজিও প্রতিনিধিরা। এনজিওদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ ও মাওলানা ময়নুল হক।

সেমিনারে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পেশার প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সরকারের এ প্রকল্প প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রকল্পভিত্তিক সহায়তা ও প্রশিক্ষণের নানা দিক তুলে ধরেন এবং উপস্থিত জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সেমিনারে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবিব লায়েক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত।

উল্লেখ্য, ২০২১ সালে পরিচালিত অনলাইন জরিপে জকিগঞ্জ উপজেলার ১,১০৯ জন প্রান্তিক পেশাজীবীর নাম ইতোমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *