
জকিগঞ্জ টিভি ডেস্ক :::জকিগঞ্জে ঘরের চালের টিন খুলে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরেরদল। উপজেলার কসকনকপুর ইউনিয়নের মামরখানী গ্রামের হাফিজ মাও. আব্দুর রহমানের ঘরে এ ঘটনা ঘটেছে।
হাফিজ মাও. আব্দুর রহমান উপজেলার সুলতানপুর ইউনিয়নে ইলাবাজ গ্রমের (মধ্য) জামে-মসজিদে ইমামতি করে। দীর্ঘদিন ধরে তার মা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ। মাও. আব্দুর রহমান মসজিদে ইমামতির দায়িত্বে থাকায় তার স্ত্রী তাহমিনা বেগম গত ২৭ ফেব্রুয়ারী ঘর তলাবদ্ধ করে অসুস্থ মা’কে চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা মেডিকেলে নিয়ে যান।
সোমবার (০৪ মার্চ) রাতে পরিবারের সদস্যরা বাড়িতে এসে এ ঘটনা জানতে পারেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইয়াহিয়া আহমদ জানান, পরিবারটির আলমারি ভেঙে চোরের দল নগদ ১৪-১৫ হাজার টাকা, কাঁচের মালামাল স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়া এলাকায় গত দুমাসের মধ্যে চুরির ডাকাতি আরো কয়েকটি ঘটনা ঘটেছে।
এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন বলেন, হাফিজ মাও. আব্দুর রহমান একটি মসজিদে ইমামতি করেন। তার স্ত্রী অসুস্থ মা’কে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে গিয়েছিলেন। এ সুযোগে রান্না ঘরের টিন খুলে চোরের দল চুরি করেছে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে চোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনাতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এবং ইউনিয়নের সকল এলাকায় রাতের বেলা গ্রাম-পুলিশদের নজরদারি রাখার আহ্বান জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই (এমবিএম) জহরুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।