
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের
জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আগামীকাল
প্রধান অতিথি মদীনা মুনাওয়ারা থেকে আগত বুযুর্গ সায়্যিদ আসিম আদী ইয়াহইয়া
হাফিজি মাদরাসাসমূহের বিশেষায়িত বোর্ড ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের অধীনে ২০২৩ সনে হিফয সম্পন্নকারী ছাত্রদের সাটিফিকেট ও পাগড়ি প্রদান এবং জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল ৭ মার্চ, বৃহস্পতিবার, সকাল ১০টায় নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মদীনা মুনাওয়ারার প্রখ্যাত বুযুর্গ, রাসূলুল্লাহ (সা.) এর ৩৯তম বংশধর শায়খ সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ জুনাইদ আহমদ মাদানী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। এছাড়া প্রখ্যাত আলিম-উলামা, হুফফাযে কুরআন ও ইসলামী চিন্তাবিদগণ এতে উপস্থিত হবেন। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।