জকিগঞ্জের কাজলসার ইউনিয়নাধীন আটগ্রামে মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেট লীগ ২০২১ এর ১ম আসর জমকালো আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
১৭ সেপ্টেম্বর শুক্রবার ‘এম. ৩০ আটগ্রাম’ বনাম ‘রিয়াদ অব আটগ্রাম’ এর মধ্যকার ফাইনাল খেলায় ৮ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘এম.৩০ আটগ্রাম’।
পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লীগ আয়োজকের অন্যতম সদস্য মোহাম্মদ মাহতাব উদ্দিন। আয়োজক কমিটির সদস্য আরিয়ান আবিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ৩নং কাজলসার ইউনিয়ন এর চেয়ারম্যান জুলকারনাইন লস্কর। খেলা উদ্বোধন করেন ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল কাহের মাসুদ। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের জনসংযোগ সম্পাদক দুবাই প্রবাসী লিটন আহমদ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ মাহেদ আহমদ, এইচ. এন ইমরান, মুরশেদ আলম মুন্না, সাবেক ক্রিকেটার অসিত লস্কর, ব্যবসায়ী সাহেদ আহমদ প্রমুখ। খেলায় আম্পায়ারিং এর দায়িত্বে ছিলেন জয়নাল আবেদীন, মুন্না আহমেদ, মামুনুর রশীদ রুবেল ও আহমদ আল মাসরুর।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এর টেস্ট থেকে বিদায় স্বরণে বৃহত্তর আটগ্রামের মাহমুদুল্লাহ রিয়াদ সমর্থকদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘মাহমুদউল্লাহ রিয়াদ ক্রিকেট লীগ-২০২১‘ এর ১ম আসর আটগ্রামের উদীয়মান ক্রিকেটারদের অংশগ্রহণের মাধ্যমে আটগ্রামস্থ আউটার স্টেডিয়ামে শুরু হয়েছিলো। সম্পুর্ণ বিপিএল এর নিয়ম অনুযায়ী খেলা পরিচালনা হয়েছে। এতে ৩নং কাজলসার ইউনিয়ন ১. ২ ও ৩নং ওয়ার্ডের খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। দৈহিক ও মানসিক সুস্থতা, মাদকমুক্ত সমাজ এবং কিশোর, যুবাদের অবক্ষয়মুক্ত রাখতে পড়ালেখার পাশাপাশি জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অন্যতম। খেলাধুলা এমন একটি বিষয়, যা মানুষকে জয়-পরাজয়ের মানসিকতা শিক্ষা দেয়। তরুণদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার ভুমিকা অন্যতম।
মাহমুদউল্লাহ রিয়াদ ক্রিকেট লীগ ২০২১ এর আয়োজকবৃন্দ বলেন, বৃহত্তর আটগ্রামে তরুণদেরকে সৃজনশীল কাজকর্মে যুক্ত রাখতে আমরা বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট থেকে বিদায় স্মরণে একটি ক্রিকেট লীগের আয়োজন করেছি। ক্রিকেট হলো একটি ঐতিহ্যবাহী খেলা। আমাদের এই আয়োজনের মাধ্যমে পাড়ার ক্রিকেটারদের দক্ষতা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং ক্রিকেটকে আবারো নতুন করে জাগাবে।