ভর্তি দ্বিগুণ রোগী, দেখা দিতে পারে অক্সিজেন সংকট
নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টিভি:: সারাদেশে চলছে করোনার উর্ধ্বমুখী সংক্রমণ। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় জায়গা সংকুলান নিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের। রোগী ও স্বজনদের দুর্ভোগ তো আছেই। সারাদেশের মত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজুড়ে বিরাজ করছে এমন বাস্তবতা।
জকিগঞ্জ হাসপাতাল নামে ৫০ শয্যা হলেও চিকিৎসা কার্যক্রম চলছে ৩১ শয্যাতেই। বহুতলবিশিষ্ট নতুন ভবনটি উদ্বোধনের প্রায় ৪ বছর অতিক্রম হলেও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় নতুন ১৯ শয্যা সচল হয়নি। বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে সক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছেন হাসপাতালে। এছাড়া জনবল সংকট এবং রোগীর চাপ প্রতিনিয়ত ভোগাচ্ছে চিকিৎসকদের।
নতুন ভবনের নিচতলায় বহির্বিভাগ, আইএমসিআই, এনসিডি কর্ণার, এক্স রে রুম এবং টিকেট ও ঔষধ বিতরণ কার্যক্রম স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হলেও শয্যা চালুর জন্য প্রয়োজনীয় লোকবল দরকার। কিন্তু অনুমোদন না পাওয়ায় সেটি শুরু করা যাচ্ছে না। উল্লেখ্য, ২০১৫ সালে ছয় কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটির কাজ শেষ হওয়ার আগেই একাধিক জায়গায় ফাটল দেখা দেয়। অভিযোগ উঠে নির্মাণের সময় নিম্নমানের ইট, বালু ও পাথর ব্যবহারের পাশাপাশি সিমেন্টের পরিমাণ কম দেয়া এবং রড ও ঢালাইয়ের পুরুত্বে ফাঁকি দেয়া হয়েছে। তৎকালে সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে জানান, ‘কাজে ত্রুটি-বিচ্যুতির অভিযোগ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে’। কিন্তু নির্মাণ, উদ্বোধন এবং অভিযোগ দাখিলের এত বছর পরও কোন সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ উপজেলাবাসী।

এদিকে, করোনার সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় অক্সিজেনের চাহিদাও বাড়ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্যমতে এখন পর্যন্ত জকিগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন, মোট আক্রান্ত হয়েছেন ৩৩০ জন। আর করোনা ইউনিটে ভর্তি আছেন ৪ জন। জকিগঞ্জে পর্যাপ্ত অক্সিজেন মজুদ রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানিয়েছেন, অক্সিজেন পর্যাপ্ত আছে এ কথা বলা যাবেনা। যে হারে রোগীর চাপ বাড়ছে, এটি চলমান থাকলে অক্সিজেন সংকট দেখা দিতেই পারে। এখন পর্যন্ত ২৫টি অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে।
‘তবে ঊর্ধ্বমুখী সংক্রমণের বিষয়টি মাথায় রেখে জকিগঞ্জ করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন’ যুক্ত করেন তিনি।