এমন পরিস্থিতি অব্যাহত থাকলে করোনা রোগীদের সেবা প্রদানে প্রতিকূলতা তৈরী হতে পারে
জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী।
রেদ্বওয়ান মাহমুদ:: অত্যধিক চাপ বেড়ে যাওয়ায় ধারণক্ষমতার দ্বিগুণ রোগী নিয়ে চলছে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে বর্তমানে ভর্তি আছেন ৬০ জন রোগী। সকলের সেবা নিশ্চিতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জকিগঞ্জ টিভিকে জানিয়েছেন, ‘সাধারণ সময়ের তুলনায় বর্তমানে হাসপাতালে রোগীর চাপ অত্যন্ত বেশি। সবাইকে সেবা দিতে গিয়ে অতিরিক্ত চাপ পড়ছে দায়িত্বরত চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের উপর। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে করোনা রোগীদের সেবা প্রদানে প্রতিকূলতা তৈরী হতে পারে।’

এদিকে, করোনা প্রতিদিনই ভাঙছে পূর্বের রেকর্ড। সারাদেশের ন্যায় জকিগঞ্জেও আক্রান্ত ও মৃত্যুর হার লাফিয়ে বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে এখন পর্যন্ত জকিগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন, মোট আক্রান্ত হয়েছেন ৩৩০ জন। আর করোনা ইউনিটে ভর্তি আছেন ৪ জন।
তবে করোনার এমন উর্ধ্বমুখী সংক্রমণেও সাধারণ মানুষের মাঝে সচেতনতার বালাই নেই। মাস্ক পরতে যেমন অনীহা রয়েছে তেমনি অপ্রয়োজনে বাইরে বের হওয়ার প্রবণতাও লক্ষণীয়। যদিও প্রতিদিনই সচেতনতা তৈরীর জন্য অভিযান পরিচালনা করছে প্রশাসন। বিজ্ঞজনরা মনে করছেন এখনই মানুষের মধ্যে সচেতনতা তৈরী না হলে হলে জকিগঞ্জে করোনা পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।