আটক হওয়া জয়নুলের দাবী তিনি জাল নোট চিনেন না
তবে পুলিশ জানিয়েছে ব্যবসায়ীদের হাতে ধরা পড়ার পর তার কাছে ৪ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে।

নিউজ ডেস্ক:: জকিগঞ্জে জাল নোট দিয়ে কাঁঠাল কিনতে গিয়ে ব্যবসায়ীদের হাতে এক ব্যক্তি আটক হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, শনিবার জয়নুল হক (৪৫) নামের এই ব্যক্তিকে হাতেনাতে জাল টাকাসহ আটক করে ব্যবসায়ীরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাশেম জকিগঞ্জ টিভিকে জানান, ‘জকিগঞ্জ বাজারের ফল দোকানদার পঙ্গবট গ্রামের আব্দুল জলিলসহ ব্যবসায়ীরা জাল টাকাসহ জয়নুলকে আটক করে থানায় খবর দেন। পরপর ৩ দিন একই দোকান থেকে জাল টাকা দিয়ে কাঁঠাল কিনতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সে। তার কাছে ৪ হাজার টাকার জাল নোটও পাওয়া গেছে। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি মামলা রেকর্ড হয়েছে।’
তবে আটক হওয়া জয়নুলের দাবী- ‘দেড় বছর আগে বিদেশ থেকে দেশে এসেছেন তিনি। জাল টাকাও চিনেন না। সিলেটের একজনের কাছ থেকে ৭ হাজার টাকা এনেছিলেন, মূলত সে-ই জাল টাকা দিয়েছে।’