
জকিগঞ্জ টিভি:: শতবছরের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে জকিগঞ্জ তথা পূর্ব সিলেটের খ্যাতনামা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বাদেদেওরাইল ফুলতলী কামিল এম. এ. মাদ্রাসা।
আগামি ২০ফেব্রুয়ারি শতবর্ষী সম্মেলনকে ঘিরে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। ইতোমধ্যেই শেষ হয়েছে অনুষ্ঠানে অংশগ্রহণে নাম রেজিস্ট্রেসনের নির্ধারিত সময়সীমা।
১৯২০সালে মসজিদভিত্তিক লেখাপড়ার নিমিত্তেই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। এর প্রতিষ্ঠার পেছনে আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা রহ.’র ওয়ালিদ মুহতারাম মরহুম মাওলানা মুফতী আব্দুল মজিদ চৌধুরী সাহেবের ভ্রাতুষ্পুত্র, নান্দিশ্রী নিবাসী মরহুম মাওলানা মো. ফাতির আলীর অবদান অপরিসীম। তাঁর ঐকান্তিক প্রচেষ্টার ফলেই মূলত এই প্রতিষ্ঠানের সূত্রপাত। পরবর্তীতে বর্তমান স্থলে একটি মাদ্রাসা গৃহ নির্মাণ করা হয় এবং এটি পূর্ণ মাদ্রাসায় রুপায়িত হয়৷ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা মাদ্রাসাটি শিক্ষাবোর্ড কর্তৃক দাখিল স্বীকৃত হয় ১৯৫৯সালে৷
সময়ের প্রয়োজনে ১৯৬৫সালে আল্লামা ফুলতলী রহ.’র উদ্যোগে প্রায় ৭৫হাত পাকা বিল্ডিং তৈরী হয়। কিন্তু ১৯৭৫সালের কালবৈশাখী ঝড় মাদ্রাসার পুরো দালান বিধ্বস্ত করে দেয়। পরবর্তীতে আবারো সহযোগিতার হাত প্রসারিত করেন আল্লামা ফুলতলী রহ.।
কালের আবর্তনে মাদ্রাসাটি ১৯৭৭সালে শিক্ষাবোর্ড কর্তৃক আলিম, ১৯৮৯সালে ফাজিল, ১৯৯৩তালে কামিল (হাদীস) এবং ২০০১সালে কামিল (তাফসীর) স্বীকৃতি লাভ করে। পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মাদ্রাসার ফাজিল ও কামিল স্তরকে যথাক্রমে বি.এ. ও এম.এ. সমমানে উন্নীত করে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনস্ত করা হয়৷ ২০১০সালে সরকার কর্তৃক সারাদেশে ৩১টি মাদরাসায় ৪বছর মেয়াদী ফাজিল (অনার্স) কোর্স চালু করা হয়। ফুলতলী কামিল মাদ্রাসা এগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে এখানে আল হাদীস ও ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু আছে।
ছবি- The Animate Production