
জকিগঞ্জে আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র জমিয়তের কর্মী সম্মেলন ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় আটগ্রাম রুনা এন্ড মান্না কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি কাজী মনসুর আহমদ, সাধারণ সম্পাদক আজমল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকির বিন কাদির, সাহিত্য সম্পাদক আফজাল হুসাইন, মাদরাসা বিষয়ক সম্পাদক আলী আহমদ ইমরান, কলেজ বিষয়ক সম্পাদক আফফান ইমরান, নির্বাহী সদস্য এন.এম. আবু সাঈদসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সভাপতির বক্তব্যে কাজী মনসুর আহমদ বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র জমিয়ত আদর্শ শিক্ষার্থী গঠন, মেধা বিকাশ এবং ইসলামী শিক্ষা-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আগামীকালকের অনুষ্ঠানে এ বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হবে, যাতে তারা অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।”
১৪ আগস্টের কর্মী সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এছাড়াও জেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেবেন।
অনুষ্ঠানে সকল কর্মী ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।