
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, “মানুষ কেবলমাত্র শিক্ষিত হলেই আদর্শ নাগরিক হতে পারে না; আদর্শ মানুষ হতে হলে প্রয়োজন সুশিক্ষা, নৈতিকতা, সততা ও মানবিকতা। এজন্য ছাত্রসমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম আদর্শকে ধারণ করতে হবে।”
তিনি বলেন, “বর্তমানে কিছু শিক্ষার্থী লেখাপড়া করেও চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য অশনিসংকেত। এ থেকে উত্তরণে সবাইকে সচেষ্ট হতে হবে।”
২ আগস্ট ২০২৫, শনিবার সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলার সোনার বাংলা কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদ হাসান আরও বলেন, “তথ্য-প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে আমাদের নতুন প্রজন্মকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষা, দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে নেককার মানুষের সান্নিধ্য, আল্লাহভীরুতা ও রাসূল সা.-এর আদর্শে চললে আত্মিক পরিশুদ্ধি অর্জন সম্ভব।”

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ।
সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা সভাপতি আবু হানিফ মো. নায়িম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. এখলাছুর রহমান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. ফদ্বলুর রহমান,আনজুমানে আল ইসলাহ ইউকে’র কাউন্সিল মেম্বার মাওলানা মো. আব্দুল কুদ্দুছ,আল হাবীব ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আব্দুল বাক্বী খালেদ,জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মাওলানা জুবায়ের আহমদ,বারহাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আহমদ হোসেন,ইছামতী কামিল মাদরাসার সভাপতি আহমদ হোসাইন আইমান,জকিগঞ্জ পৌর সভাপতি মো. দিলশাদ আনোয়ার,পৌর সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
