
আমার মতে, একজন ভালো সাংসদ হওয়ার জন্য প্রথমত প্রয়োজন জনগণের প্রতি আন্তরিকতা। তিনি যেন নিজের এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রয়োজন বুঝে তা সংসদে তুলে ধরেন এবং যথাযথ সমাধান চান। শুধু বড় বড় ভাষণ নয়, তাঁর উচিত নিজ এলাকার উন্নয়ন ও মানুষের জীবনের মানোন্নয়নে দৃশ্যমান কাজ করা।
একজন আদর্শ সাংসদ অবশ্যই দুর্নীতিমুক্ত থাকবেন এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এলাকার রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল-কলেজের উন্নয়নের দিকে খেয়াল রাখবেন। মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন, অভিযোগ শুনবেন, প্রয়োজনে পাশে দাঁড়াবেন।
এছাড়াও, আইন প্রণয়ন ও জাতীয় ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করাও সাংসদের বড় দায়িত্ব। দুঃখজনক হলেও সত্য আমাদের অনেক সাংসদই সংসদে সেভাবে উপস্থিত থাকেন না বা আলোচনায় অংশগ্রহণ করেন না। একজন ভালো সাংসদকে অবশ্যই এ দায়িত্বকে গুরুত্ব সহকারে নিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি যেন নিজের রাজনৈতিক পরিচয়ের চেয়ে জনগণের প্রতিনিধি হিসেবেই বেশি পরিচিত হন। কারণ, তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি – তাই তাঁর মূল পরিচয় জনগণের সেবক হিসেবেই হওয়া উচিত।
সাধারণ নাগরিক হিসেবে আমি এমনই একজন সাংসদ চাই যিনি কাজ দিয়ে প্রমাণ করবেন, তিনি সত্যিকার অর্থে আমাদের প্রতিনিধি। দল কিবা ব্যক্তির জন্য নয়, দেশ ও মানুষের জন্য কাজ করতে ইচ্ছুক, সৎ, নির্লোভ এবং কর্মঠ নেতৃত্বই আমাদের প্রয়োজন।
লেখক:মোঃ জাহিদ হাসান মিলন
শিক্ষার্থী, ইছামতি ডিগ্রি কলেজ
