মুক্তমত-কেমন সাংসদ চাই-সুজন উদ্দিন

Spread the love

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আমাদের দরকার যোগ্য, সৎ এবং জনকল্যাণে নিবেদিত প্রাণ সাংসদ। সাংসদ মানে শুধু জাতীয় সংসদের একজন সদস্য নয়, তিনি হচ্ছেন সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। তিনি জনগণের প্রতিনিধি, যিনি মানুষের কথা উচ্চকিত কন্ঠে সংসদে তুলে ধরবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। তাই প্রশ্ন উঠছে ‘আমরা কেমন সাংসদ চাই?’

সৎ ও নীতিবান সাংসদ চাই:
প্রথমেই আমরা চাই, আমাদের সাংসদ হবেন সৎ ও নীতিবান। তিনি কখনোই দুর্নীতির সঙ্গে আপস করবেন না। ব্যক্তিস্বার্থের চেয়ে জনগণের কল্যাণকে বড় করে দেখবেন। তার কাজ হবে এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করা। তিনি অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন এবং কোনো অবৈধ কাজের পৃষ্ঠপোষক হবেন না।

জনসেবায় নিবেদিতপ্রাণ সাংসদ চাই:
আমরা এমন সাংসদ চাই, যিনি নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি দেবেন না, নির্বাচনের পরেও জনগণের সুখ-দুঃখের সাথী হবেন। মানুষ যখন বিপদে পড়বে, তখন সাংসদকে পাশে পাবে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন। উন্নয়ন হবে সমানভাবে, কোনো দল-মতের ভেদাভেদ থাকবে না।

শিক্ষিত ও দূরদর্শী সাংসদ চাই:
একজন সাংসদ দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর। তাই তিনি হতে হবে শিক্ষিত, চিন্তাশীল ও দূরদর্শী। তিনি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জানবেন, তথ্য প্রযুক্তি ও শিক্ষার গুরুত্ব বুঝবেন এবং পরিবেশ, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করবেন। তিনি কেবল আজকের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও কাজ করবেন।

জনগণের কণ্ঠস্বর হোক সাংসদ:
আমরা চাই সাংসদ হবেন জনগণের আসল কণ্ঠস্বর। তিনি যেন সরকারের ভালো কাজের প্রশংসা করবেন এবং ভুল কাজের কঠোর সমালোচনা করবেন। তিনি যেন সরকারের দলের হলেও ভুলের পক্ষে না দাঁড়িয়ে জনস্বার্থ রক্ষার জন্য আওয়াজ তুলবেন। একজন প্রকৃত সাংসদ কখনোই স্বজনপ্রীতি বা দলীয় সীমাবদ্ধতায় আবদ্ধ থাকবেন না। তিনি হবেন জনগণের একজন বিশ্বস্ত অভিভাবক।

শিক্ষা ও স্বাস্থ্য:
আমি এমন সংসদ চাই, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উন্নত পরিবেশ নিশ্চিত করবেন। শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি বেকার তরুণদের কর্মমুখী শিক্ষার সুযোগ করে দেবেন। নিজস্ব আসনে কর্মমুখী শিক্ষার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবেন। প্রত্যন্ত অঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন যেন কেউ আর চিকিৎসার অভাবে মারা না যায়।

দেশের প্রতি ভালোবাসা থাকুক:
সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের সাংসদের মধ্যে থাকতে হবে নিখাদ দেশপ্রেম। তিনি যেন দেশের সার্বভৌমত্ব, ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধাশীল থাকেন। শুধু নিজের এলাকা নয়, তিনি যেন গোটা দেশের কথা ভাবেন।

সর্বোপরি, আমরা চাই এমন সাংসদ, যিনি হবে সৎ, বিচক্ষণ, জনদরদি এবং সময়োপযোগী। যিনি জনগণের হৃদয়ে স্থান করে নেবেন কাজের মাধ্যমে, কথার মাধ্যমে নয়। আমরা এমন সাংসদ চাই, যিনি দেশ গড়ার কারিগর, জনগণের বন্ধু, এবং জাতির গর্ব হয়ে উঠবেন।

লেখক: মোঃ সুজন উদ্দিন
শিক্ষার্থী (বিএসএস প্রথম বর্ষ) জকিগঞ্জ সরকারি কলেজ, সিলেট


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *