
সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ও সুলতানপুর ইউনিয়নের সীমান্তে অবস্থিত রোড আইডি ৬৯১৪৪০৭৫ নম্বর সড়কটি কয়েকটি গ্রামের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। বিশেষ করে “টাকার বন্দ ও নগরকান্দি” নামক ঘনবসতিপূর্ণ এলাকার জন্য এটি একমাত্র ভরসাযোগ্য সড়ক। প্রতিদিন এই পথ দিয়ে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী, দিনমজুর ও সাধারণ মানুষের যাতায়াত হয়ে থাকে। অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটি পড়ে আছে পাকাকরণের অপেক্ষায়।
বর্ষা মৌসুমে তো রাস্তা পুরোপুরি অকেজো হয়ে পড়ে, সৃষ্টি হয় দুর্ভোগের দুর্বিষহ চিত্র।

অবহেলিত সংযোগপথ
সড়কটি দুই ইউনিয়নের সীমান্তে হওয়ায় দায় এড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাঝে। এলজিইডি-নিয়ন্ত্রিত এই রাস্তাটি সংস্কারের দাবিতে এলাকাবাসী বহুবার আবেদন করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষায় কাদাময় ও বিপজ্জনক হয়ে পড়ে।
কৃষি খাতে প্রভাব
স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, এই সড়ক দিয়ে তারা ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিয়ে থাকেন। তবে চলাচলের অনুপযোগি হওয়ায় রাস্তায় পরিবহন খরচ বেড়ে যাচ্ছে বহুগুণ, ফলে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।

এলাকাবাসীর ক্ষোভ
টাকার বন্দ এলাকার বাসিন্দা আব্দুল মালিক বলেন,“এই রাস্তাটার এলজিইডি আইডি আছে মানে এটা সরকারি রাস্তা, কিন্তু কোনো জনপ্রতিনিধি বা প্রকৌশলী এখানকার খবর রাখেন না। শুধু কাগজে কলমে ফাইল চলে, বাস্তবে কিছুই হয় না।”
প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তবায়ন
অসংখ্য প্রতিশ্রুতি আর আশ্বাসের পরও উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয় ছাড়া এই সড়কের উন্নয়ন সম্ভব নয়। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
এলাকাবাসীর প্রধান দাবিগুলো হলো:
জরুরি ভিত্তিতে রাস্তাটির সংস্কার
রোড আইডি ৬৯১৪৪০৭৫ অন্তর্ভুক্ত করে দ্রুত প্রকল্প অনুমোদন
সরকারি প্রকল্প, যথাযথ নজরদারি ও জনপ্রতিনিধিদের আন্তরিকতা থাকলে এই গুরুত্বপূর্ণ সড়কটি হতে পারে জকিগঞ্জ উপজেলার একটি উন্নয়নের দৃষ্টান্ত। এখন প্রয়োজন দ্রুত পদক্ষেপ ও বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা।