সুরমার পানিতে তলিয়ে গেল আটগ্রামের কাঠের সেতু; ফের দুর্ভোগে যাত্রীরা

Spread the love

সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম ও কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা এলাকার সংযোগস্থল সুরমা নদীর উপর নির্মিত কাঠের সেতুটি পানিতে তলিয়ে গেছে। গত ২২ এপ্রিল মঙ্গলবার রাতের ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পেয়ে সেতুটি কার্যত অচল হয়ে পড়ে। এতে করে আবারও নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন দুই তীরের মানুষ।

প্রতিদিন শত শত মানুষ, বিশেষত শিক্ষার্থীরা এই নদী পার হয়ে জকিগঞ্জ ও কানাইঘাটসহ সিলেট শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। বর্ষা মৌসুমে নৌকায় এবং শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতেন যাত্রীরা। দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে স্থানীয় আটগ্রাম খেয়াঘাটের ইজারাদার আলী আহমদ ২০২৪ সালের নভেম্বরে নিজ উদ্যোগে কাঠের সেতুটি নির্মাণ করেন। এতে সাধারণ মানুষের পাশাপাশি মোটরসাইকেল পারাপারও সহজ হয়।

কিন্তু চলতি বছরের প্রথম ভারী বর্ষণেই তলিয়ে যায় কাঠের সেতুটি। ফলে শঙ্কা ও ঝুঁকি নিয়ে ফের শুরু হয়েছে নৌকা পারাপার।

স্থানীয়রা জানান, বহু বছর ধরেই তাঁরা দুর্ভোগ পোহাচ্ছেন। কাঠের সেতু কিছুটা স্বস্তি এনে দিলেও তা টেকসই না হওয়ায় সমস্যার সমাধান হয়নি। তাঁদের দাবি, সুরমা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ এখন সময়ের দাবি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *