
নিজস্ব প্রতিবেদক :::
জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়নের পশ্চিম মজলি মাঠে বজ্রপাতে দুটি গরু মারা গেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বাবুর বাজারের ব্যবসায়ী বেলাল আহমদের একটি গরু এবং সুলতানপুর ইউনিয়নের বর্তমান মহিলা সদস্য জাহানারা বেগম (উনু) এর একটি গরু সকালে মাঠে বেধে রাখা (ডিগরা দেওয়া)হয়।
সকাল ১১টার দিকে আকস্মিক বজ্রপাত শুরু হলে গরুর মালিকরা মাঠে ছুটে যান এবং দেখতে পান, দুটি গরুই বজ্রপাতে মারা গেছে। গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন খান বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়েছি মজলি ও হালঘাট গ্রামের দুটি গরু বজ্রপাতে মারা গেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা।” তিনি আরও বলেন, “মেঘ-বৃষ্টির দিনে এভাবে গবাদিপশু খোলা মাঠে রাখা ঝুঁকিপূর্ণ। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং এমন আবহাওয়ায় গবাদিপশুকে নিরাপদ স্থানে রাখতে হবে।”