
ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি, শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের রোগমুক্তি কামনায় আজ শুক্রবার (২৭ আগস্ট) জকিগঞ্জে মসজিদে-মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে।
পৃথক এসব আয়োজনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়ার দায়িত্বশীলসহ স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এসময় তাঁর নেক হায়াতের জন্য বিশেষভাবে মোনাজাত করা হয়।
এদিকে, কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ শেষে ইমাম ও খতিব মাওলানা ক্বারী আজিজুর রহমান জানান- আগামীকাল শনিবার সকাল ১০টায় কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মুহাদ্দিস ছাহেবের রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও খতমে ইউনুস পড়া হবে। অংশগ্রহণে আগ্রহীরা যথাসময়ে উপস্থিত থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। সম্প্রতি শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়৷ পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে এবং হাসপাতাল থেকেও ছাড় নিয়েছেন।