কোভিড-১৯ আক্রান্তদের জন্য সিলেট হেলথ এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট (শেইড) পরিচালিত জকিগঞ্জ উপজেলা সেবা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন শেইড ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুনতাসির আলী। শেইড ট্রাস্ট উপজেলা সেবা সেন্টারের কো-অর্ডিনেটর খায়রুল ইসলাম মুনশীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শায়খ মাওলানা আবদুল মুছাব্বির।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুনতাসির আলী বলেন, “সমাজ সেবায় ধর্ম-বর্ণ, দল-মত ও পথের কোন ভেদাভেদ নেই। নির্বিশেষে সকল সৃষ্টির সেবায় আত্মনিয়োগ করা ইসলামের শিক্ষা। আজ মানবতা কঠিন পরিস্থিতির মুখোমুখি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভেদাভেদের কোন সুযোগ নেই। মানুষকে বাঁচানোই আসল রাজনীতি। জকিগঞ্জের প্রবাসীরা তাদের মানবিক চিত্তের পরিচয় দিয়ে শেইড ট্রাস্টের সহযোগীতায় এগিয়ে এসেছেন। আমরাও স্বেচ্ছাসেবি হয়ে মানব কল্যাণে এগিয়ে আসি।’
সভাপতির বক্তব্যে লোকমান উদ্দিন চৌধুরী বলেন, “মানবতার এই দূর্দিনে জকিগঞ্জবাসী ঐক্যবদ্ধ। শেইড ট্রাস্টের এই মানবিক কর্মসূচী বাস্তবায়নে যার যার সামর্থানুযায়ী ভূমিকা রাখা দরকার। আমার পক্ষ থেকে সবসময় এই কর্মসূচীতে সহযোগীতা থাকবে।”


এসময় বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, শেইড ট্রাস্টের সেক্রেটারী মাওলানা দিলওয়ার হোসাইন, ট্রাস্টি সদস্য মাওলানা নেহাল আহমদ, মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম আলী হায়দার, মাজলিসুল ইত্তিহাদ জকিগঞ্জ এর সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আবদুল হাসিব, কোষাধ্যক্ষ কাতার প্রবাসী মাওলানা আবদুল হাসিব চৌধুরী, অনুষ্ঠানের সদস্য সচিব মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী শিহাব আহমদ, সাংবাদিক কেএম মামুন, মাওলানা আবদুস সালাম ও মাওলানা আবুল কালাম আজাদ প্রমূখ।
উল্লেখ্য, সেন্টারের প্রয়োজনীয় ব্যয় স্পন্সর করছে জকিগঞ্জ প্রবাসীদের সংগঠন মাজলিসুল ইত্তিহাদ জকিগঞ্জ এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে উদ্দিন ফ্যামিলি ফাউন্ডেশন (উফ.) ইউএসএ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেন্টারের মাধ্যমে জকিগঞ্জ উপজেলার গরীব-অসহায় করোনা ভাইরাস আক্রান্ত রুগীদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফ্রি অক্সিজেন সিলিন্ডার সেবা প্রদান,২৪ ঘন্টা ফ্রি এম্বুলেন্স সার্ভিস,প্রয়োজনীয় ঔষধ প্রদান ও সর্ব সাধারণকে করোনার ভ্যাক্সিন গ্রহণে উদ্বুদ্ধ করণ ও নিবন্ধনে সহায়তা করা হবে। এছাড়া স্বচ্ছল রুগীদেরকেও ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।