
বেপরোয়া গতিতে অভারটেক করতে গিয়ে সড়ক ছেড়ে ওয়াকওয়েতে নেমে পড়ে ঘাতক বাস।
এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জিসানের মাথার উপর দিয়ে বাস চলে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে বাসের চাপায় প্রাণ হারানো কিশোর জিসানের ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা গ্রহণের কাজও রয়েছে প্রক্রিয়াধীন। জকিগঞ্জ টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাশেম। তিনি আরো জানান- ‘ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হুসেনের নেতৃত্বে চালককে আটক করতেও অভিযান চলছে।’
শনিবার (১৯ জুন) আনুমানিক দুপুর সাড়ে ১২টায় উপজেলার হানিগ্রাম এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া ওই কিশোরের নাম জিসান আহমদ (৮)। সে ইনামতি গ্রামের কামরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন অফিস বাজারে প্রবেশের পূর্বে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী গেইটলক বাসটি বেপরোয়া গতিতে অভারটেক করতে গিয়ে সড়ক ছেড়ে ওয়াকওয়েতে নেমে পড়ে। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কিশোরের মাথার উপর দিয়ে বাস চলে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, জিসান হানিগ্রাম দারুল ফয়েজ ইসলামিক একাডেমীর নার্সারি শ্রেণীর ছাত্র।
এদিকে, জিসানের মৃত্যুর সংবাদে এলাকাজুড়ে বিরাজ করছে শোকের মাতম। চালকের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন এলাকাবাসী। উল্লেখ্য, ঘাতক বাসটির নম্বর মৌলভীবাজার-জ ১১-০০০১।