জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন। অপরদিকে জাতীয় পাটির দলীয় মনোনয়ন লাঙ্গল প্রতীক পেয়েছেন পৌরসভা জাতীয় পার্টির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক। (২৬ডিসেম্বর) শনিবার উভয় দলের মনোনয়ন বোর্ড এ তথ্য নিশ্চিত করে।

নৌকার মনোনয়ন পেয়ে খলিল উদ্দিন বলেন, ‘পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দের প্রতি। আশা করছি পৌরবাসী আমাকে পুনরায় মেয়র পদে নির্বাচিত করে আধুনিক শহর গড়ার সুযোগ করে দেবে।’ আর লাঙ্গলের মনোনয়ন পেয়ে আব্দুল মালেক ফারুক জানান, ‘উপ নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে উন্নয়নের যে পরিকল্পনা করেছিলাম মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা সম্পপ্ন করতে পারিনি। এবার পূর্ব পরিকল্পনা অনুযায়ী পৌর শহর সাজাতে চাই।’ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ জানিয়েছেন- ‘যেকোনো মুহুর্তে ঘোষণা আসতে পারে, তবে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী জকিগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর এবং মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত।