
জকিগঞ্জ টিভি:: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে সিলেট জেলা পর্যায়ে অসামান্য অবদান রাখায় ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার প্রদান করা হয়েছে। সফল জননী হিসেবে জয়িতা সম্মাননা পেয়েছেন জকিগঞ্জের গণিপুর গ্রামের বাসিন্দা রহিমুন্নেছা চৌধুরী।

(৯ ডিসেম্বর) বুধবার সকাল ১১.০০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘কমলা রঙের বিশ্বে নারী, বাঁধার পথ দেবে পাড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এপিসি প্রজেক্টের চাইল্ড রাইটস ফেসিলিটেটর প্রিয়াঙ্কা দাস রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক মীর মাহবুবুর রহমান, জাতীয় পর্যায়ে রোকেয়া পদক প্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হক, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ পরিচালক শাহিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- ‘শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রদানের মাধ্যমে সমাজে পজিটিভ সিগন্যাল জ্বলবে৷ জয়িতাদের দেখে নারীসমাজ যেমন অনুপ্রেরিত হবে তেমনি সব প্রতিবন্ধকতা জয়ের মানসিকতা তৈরী হবে৷’ উন্নত দেশ গঠনে নারীদের প্রাধান্য দেয়ার বিকল্প নেই উল্লেখ করে নারী জাগরনে বেগম রোকেয়ার অবদানের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি৷ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সচেতন থাকারও আহ্বান জানান। এসময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে স্বর্ণলতা রায়, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে সৈয়দা শিরিন আক্তার, সফল জননী ক্যাটাগরিতে রহিমুন্নেছা চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরিতে হুছনেয়ারা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা ক্যাটাগরিতে বিথিকা দত্তকে সম্মাননা প্রদান করা হয়। অভিব্যক্তি প্রকাশকালে জয়িতারা অনেকেই আবেগাপ্লুত হন৷ জীবনের নানা চড়াই উৎরাই পেরিয়ে দৃঢ় সংকল্প পূরণের সাতকাহন তুলে ধরেন তারা৷

উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর বোন রহিমুন্নেছা চৌধুরী আলোকিত সাত ছেলে ও এক মেয়ের গর্বিত জননী। এ রত্নগর্ভা মার গর্বিত সন্তান রিমন আহমদ চৌধুরী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুলতানপুরের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি কেন্দ্রীয় ছাত্র সমাজের সাবেক সাংগঠনিক সম্পাদক । সেলিম আহমদ চৌধুরী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক। খালেদ আহমদ চৌধুরী সোনালী ব্যাংকের অফিসার পদে কর্মরত। হুমন আহমদ চৌধুরী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ কুতুব জালাল হাই স্কুল, দক্ষিন সুরমা সিলেট। ফরিদা ইয়াসমিন চৌধুরী শিক্ষক গণিপুর কামালগঞ্জ সপ্রাবি। শামিম আহমদ চৌধুরি ডেপুটি ম্যানেজার ডাচ বাংলা ব্যাংক। দবির আহমদ চৌধুরী লন্ডন প্রবাসি। কার্জন আহমদ চৌধুরী সিনিয়র অফিসার বাংলাদেশ কৃষি ব্যাংক।