মাদক নির্মূলে পরিবার ও সমাজ সচেতন হতে হবে-মীর মোঃ আব্দুন নাসের

Spread the love

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের বলেছেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। জকিগঞ্জ থেকে মাদক নির্মূলে আমাদের যা যা করা প্রয়োজন তা করে যাবো। মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাশালী হোক না কেন, তাদের কোন ছাড় নেই। আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন মাদক নির্মূলে আমি একটুও পিছপা হবো না। জকিগঞ্জ থানা পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থানে থেকে কাজ চালিয়ে যাবে। তবে মাদক নির্মূলে প্রতিটি পরিবার ও সমাজ সচেতন হতে হবে। প্রতিটি পরিবার ও সমাজ মাদকের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে মাদকের আগ্রাসন বন্ধ করা সম্ভব হবে না। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ ক্ষেত্রে জকিগঞ্জ থানা পুলিশ আপনাদের পাশে থাকবে।

তিনি মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাজারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও আইন শৃংখলা উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য উস্তার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠক রুমেল আহমদের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই সম্রাজ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) সুশংকর পাল ও জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমান সরকার, এসআই পরিতোষ পাল, এসআই অঞ্জন দেব, এএসআই তাজুল ইসলাম ও পুলিশ সদস্য রনি প্রমূখ। এছাড়া সভায় জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১ থেকে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে বরাবরের মতো এলাকার আইন শৃংখলা রক্ষা ও মাদক নির্মূলে সকলে দৃপ্ত শপথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *