
সিলেটের জকিগঞ্জে নিখোঁজের তিন দিন পর নোমান উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। বুধবার (১ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ বাজার এলাকার শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার জানায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নোমান উদ্দিন বাড়ি থেকে বের হয়ে কালিগঞ্জ বাজারে নিজ দোকান খোলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবার জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে। নিখোঁজ অবস্থায় অজ্ঞাত একটি নম্বর থেকে ২ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়।
বুধবার বিকেলে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।
নিহতের ভাই রিয়াজ আহমদ অভিযোগ করে বলেন, সম্পত্তি লিখে নেওয়ার জন্য নোমান উদ্দিনকে তাঁর স্ত্রী মনোয়ারা বেগম ও শালা সুমন পূর্বে নির্যাতন করেছিলেন। তাঁর দাবি, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অন্যদিকে নিহতের চাচাতো ভাইদের সঙ্গেও জমিজমা নিয়ে বিরোধ ছিল বলে পরিবারের সদস্যরা জানান। নিহতের স্ত্রী মনোয়ারা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে নিহতের শালা সুমন আহমদ বলেন, “তিন দিন ধরে খোঁজ না পেয়ে আজ র্যাব অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই খবর পাই মরদেহ ধানক্ষেতে পড়ে আছে।”
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।