
সিলেট-জকিগঞ্জ সড়কের কালিগঞ্জ দেওয়ানচক এলাকায় একটি দশসিটা গাড়ির ধাক্কায় সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলের নার্সারী শ্রেণির শিক্ষার্থী ইকরা (৬) নিহত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইকরা দেওয়ানচক গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের বড় মেয়ে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইকরার চাচা আতাউর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টায় দেওয়ানচক জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ইকরার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুল কর্তৃপক্ষ।