
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে দেশের ব্রিক ফিল্ড শিল্পের চলমান সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন সিলেট বিভাগের ব্রিক ফিল্ড অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সাক্ষাতে জকিগঞ্জ উপজেলার বিশিষ্ট রাজনীতিক ও শিল্পপতি, সোনাসার ব্রিক ফিল্ড ও সোনাসার অটো ব্রিকসের কর্ণধার জনাব আবদুল আজিজ বলেন, “সরকারি সার্কুলারের ধারাবাহিক পরিবর্তন, পাথর কুয়ারি ও বালু উত্তোলনে কঠোর নিষেধাজ্ঞা শ্রমজীবী মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। হাজার হাজার শ্রমিক কর্মহীন, ব্যবসায়ীরা ক্ষতির মুখে।”
তিনি আরও বলেন, “যারা অতীতে বিদেশে অর্থ পাচার ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং খেটে খাওয়া মানুষ ও প্রকৃত ব্যবসায়ীদের বাধাগ্রস্ত করা হচ্ছে, যা অনৈতিক।”
আবদুল আজিজ এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং জামায়াত আমীরকে ব্রিক ফিল্ড খাত রক্ষায় গঠনমূলক ভূমিকা রাখার অনুরোধ জানান।
সাক্ষাতে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ব্রিক ফিল্ড শিল্পের নানা সমস্যা তুলে ধরে নীতিগত সহায়তা চেয়েছেন।