মুক্তমত-কেমন সাংসদ চাই- মো আরিফ আহমদ

Spread the love

আমি এমন একজন সাংসদ কামনা করি যিনি হবেন মাটি ও মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। দেশ, সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবেসে যিনি গড়ে তুলবেন একটি সহনশীল, মানবিক এবং নান্দনিক নেতৃত্বের উদাহরণ । যা হবে জনগণের জন্য এক আশার আলো।

আমার কাঙ্ক্ষিত সাংসদ হবেন ধর্মীয় ও দেশীয় সংস্কৃতির এক চমৎকার মিলনমেলা, আধুনিকতার সাথে যিনি বজায় রাখবেন ঐতিহ্যের সম্মান। তিনি হবেন প্রতিটি মানুষের ন্যায্য চাহিদার বলিষ্ঠ ভাষ্যকার একজন দায়িত্বশীল অভিভাবক, যিনি অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম।

এমন একজন সাংসদ চাই, যিনি হবেন দ্বিচারিতা, হিংসা বা মুখে ফুলঝুরি আর অন্তরে কপটতা থেকে মুক্ত। যিনি দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠে সমাজ, রাষ্ট্র ও সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।

আমার স্বপ্নের সাংসদ নিশ্চিত করবেন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সর্বোচ্চ স্বাধীনতা। তাঁর নেতৃত্বে কেউ যেন ভয় ছাড়াই গঠনমূলক সমালোচনা করতে পারে, এবং সেই সমালোচনা থেকে তিনি গ্রহণ করবেন সুফল।

আমি চাই এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে থাকবে সুশাসন, সুশিক্ষা ও জনসম্পদ উন্নয়নের দৃঢ় পরিকল্পনা। জনগণ যেন নির্বিঘ্নে রাজনীতিবিদদের কাজের ভালোমন্দ নিয়ে কথা বলতে পারে, ভয়হীনভাবে মতপ্রকাশ করতে পারে।

ভিন্নমত থাকলেই যেন কাউকে হয়রানি, মিথ্যা মামলা বা প্রাণনাশের হুমকির মুখে পড়তে না হয়। নেতৃত্বে থাকা ব্যক্তি হোক এমন, যিনি ভালো কাজের প্রশংসা গ্রহণ করবেন বিনয়ের সাথে এবং মন্দ কাজের সমালোচনাকে দেখবেন উন্নয়নের সম্ভাবনা হিসেবে। তিনি হবেন ব্যক্তি-ভক্তি বা দলীয় অন্ধতা থেকে মুক্ত।

গুরুত্বপূর্ণভাবে, আমি চাই ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে কেউ যেন ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাতে না পারে।

আমার কামনা এই দেশ হোক সুশাসন ও সুশিক্ষায় সমৃদ্ধ; রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীলরা যেন এগিয়ে আসেন একটি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তাহলেই আমরা পাবো এক সত্যিকারের প্রগতিশীল, মানবিক ও ন্যায়ের বাংলাদেশ।

লিখেছেন: মো. আরিফ আহমদ
শিক্ষার্থী, মুরারিচাঁদ কলেজ, সিলেট।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *