জকিগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধ ও মানববন্ধন

Spread the love

Oplus_131072

সিলেটের জকিগঞ্জ উপজেলার আলোর মেলা স্কুলের দুই শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রোববার (২৫ মে) সকালে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে সিলেট-জকিগঞ্জ সড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা ঘোষণা দেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দীন, জামায়াত নেতা দেলোয়ার লস্কর এবং বিএনপি নেতা হাফিজ খালেদ। তারা শিক্ষার্থীদের শান্ত করে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে স্কুলে ফিরে যায়।

পরে স্কুল ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন কুতুব উদ্দীন, দেলোয়ার লস্কর, হাফিজ খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ এবং স্কুলের অধ্যক্ষ আতিকুর রহমান। সভায় জানানো হয়, ২৬ মে (সোমবার) বিকেল ২টায় সালিশের মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন চলবে। তারা তিনটি দাবি তুলে ধরেন,
স্কুল ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা, ইভটিজিং বন্ধ করা, হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা।

দাবি বাস্তবায়ন না হলে
২৭ মে থেকে লাগাতার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

গত বৃহস্পতিবার পরীক্ষার সময় এসএসসি পরীক্ষার্থীদের একটি দল শ্রেণিকক্ষে ঢুকে দুই শিক্ষকের উপর হামলা চালায়। বাধা দিতে গিয়ে আহত হন এক শিক্ষার্থীও। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *