
আব্দুল মুকিত:
সবুজ শ্যামল পরিবেশ ও ইতিহাসের সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে চমৎকার স্থাপত্যশৈলিতে তৈরি দেওয়ান সাজিদ রাজার বাড়ি। সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে অবস্থিত দেওয়ান সাজিদ রাজার বাড়িটি জকিগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান।
উইকিপিডিয়ার তথ্যমতে ১৮ শতকের প্রথম দিকে দেওয়ান সাজিদ রাজা বাড়িটি নির্মাণ করেন। মূল ভবনের স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার । ছাদ, দরজা ও কাঠামোর কারুকাজে জমিদার আমলের শৌখিনতার ছাপ স্পষ্ট।
বাড়িটিতে আরও রয়েছে তেরোচালা ঘর। লোকমুখে শোনা যায়, ঘরটি নির্মাণের জন্য কলকাতা থেকে দক্ষ মিস্ত্রি আনা হয়েছিল। কাঠ ও টিনের সমন্বয়ে তৈরি এই ঘরের কারুকাজ শিল্পসম্মত, যা জমিদারি ঐতিহ্যের প্রতিফলন।
বাড়ির সামনে রয়েছে একটি বিশাল দিঘী, যা একসময় জমিদার পরিবারের পানীয়জল ও অন্যান্য কাজে ব্যবহৃত হতো। বর্তমানে এটি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ জলাধার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এ বাড়ির অন্যতম স্থাপনা বড়বাড়ি জামে মসজিদ। এখানে পাঁচ ওয়াক্ত নামাজসহ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকালে শিশুরা মক্তবে এসে পবিত্র কোরআন তেলাওয়াত শেখে। মসজিদের কারুকাজ এতটাই চমৎকার যে আধুনিক নকশাকেও হার মানায়।

উল্লেখ্য, প্রাচীন স্থাপত্যশৈলি অক্ষুণ্ণ রাখার জন্য মূল জলসাঘরটি বছর দেড়েক পূর্বে সংস্কার করা হয়েছে।
দেওয়ান সাজিদ রাজার বাড়ি আজও তার গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।

❝যেভাবে যাবেন—
কদমতলী বাস টার্মিনাল থেকে সিলেট-জকিগঞ্জ রোডের বাসে করে আটগ্রাম স্টেশনে নামতে হবে। আটগ্রাম স্টেশন থেকে আটগ্রাম বাজারগামী অটোরিকশায় চড়লে পৌঁছাতে পারবেন।❞