নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ টিভি:: কুমিল্লায় দুর্গাপূজার মন্ডপে মহাগ্রন্থ আল কোরআন অবমাননার প্রতিবাদ জানিয়ে সিলেটের জকিগঞ্জে বিক্ষোভ মিছিলের শেষাংশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৩৫জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৩ অক্টোবর) রাত ৮টায় কুমিল্লার স্পর্শকাতর ঘটনার প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের পূর্ব দিক থেকে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রধান সড়কসহ একাধিকবার বাজার প্রদক্ষিণ শেষে মিছিলটি ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গনে এলে উৎসুক জনতার মধ্য থেকে প্রশাসনের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। এসময় স্থানীয় কয়েকজন এর প্রতিবাদ জানালে বিক্ষুব্ধ জনতার একটি অংশ বিশৃঙ্খলা শুরু করে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিক্ষুব্ধরা পুলিশের চারটি গাড়িতে ভাঙচুর করে। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে প্রায় ঘণ্টাব্যাপি সংঘর্ষ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যসহ অন্তত ৩৫জন আহত হয়েছেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত গুরুতর আহত অবস্থায় উপজেলা ছাত্রলীগ সেক্রেটারি মো. মোস্তফা উদ্দীন (২৮)-কে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ‘ঘটনার বিশ্লেষণ ছাড়া আমরা কোন মন্তব্য করছি না। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। র্যাব, বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন জানান, ‘ইউএনও, ওসি, সার্কেলসহ প্রশাসনিক ব্যক্তিবর্গ ইউনিয়ন কমপ্লেক্সে বসা ছিলেন। শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হওয়ার প্রত্যাশাও জানিয়েছিলেন তারা। তবে মিছিলের এক পর্যায়ে কে বা কারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রাখা গাড়িগুলোতে ইট-পাটকেল ছুঁড়ে। আমরা মনে করছি কোন কুচক্রী মহলের ইন্ধনে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে।’
উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। মসজিদের মাইকে আকুতি জানিয়েছি কোন ধরণের বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ করার জন্য। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এ জকিগঞ্জে এমন ঘটনার অবতারণ ঘটালো।’