জকিগঞ্জ টিভি:: ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, সুদূর প্রবাসে থেকেও দেশের অসহায়, দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ফেঞ্চুগঞ্জের প্রবাসীরা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসীরা। ফেঞ্চুগঞ্জ প্রবাসী কল্যাণ ফেডারেশন কাতারের উদ্যোগে এতিম শিশুদের মধ্যে নগদ অর্থ বিতরণ একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রবাসীরা মনে তৃপ্তি পান, তাদের ঘাম ঝরানো টাকা অসহায় মানুষের উপকারে আসে বলে। আসলে প্রবাসীরা সত্যিকারের দেশপ্রেমিক।
বুধবার (৩০ অক্টোবর) সকালে ফেঞ্চুগঞ্জ প্রবাসী কল্যাণ ফেডারেশন কাতারের উদ্যোগে এতিম শিশুদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার রাজনপুরস্থ লতিফিয়া আইডিয়াল একাডেমীতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতিফিয়া একাডেমির প্রিন্সিপাল মাওলানা শামসুদদোহা খান।
লতিফিয়া একাডেমীর সহকারী শিক্ষক কামরুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীন, ইউপি সদস্য কয়ছর আহমদ ও বিশিষ্ট সমাজসেবক মো.রুকুনুজ্জামান চৌধুরী প্রমুখ। সভা শেষে ১০ জন এতিম শিশুদের মধ্যে নগদ টাকা বিতরণ করেন অতিথিরা।