নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, পৌরসভা আওয়ামীলীগের সহ সভাপতি বাবুল হোসাইন, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিন। আসন্ন জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ জনই চান নৌকার টিকেট।

দুই দফা তফসীলে জকিগঞ্জের নাম না থাকলেও জনসমর্থন তৈরীর লক্ষ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণায় নেই কোন খাদ। দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা উঠোন বৈঠক থেকে প্লে-কার্ড, ফেস্টুন-ব্যানার কিংবা ভোটারদের দোরগড়ায় পৌঁছে দিচ্ছেন ওয়াদার ফুলঝুরি, পার করছেন ব্যস্ত সময়। তবে এখনো নির্দিষ্ট করে বলার ইয়ত্তা নেই কে পাচ্ছেন নৌকা?
এদিকে, বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে কর্মীসভা করেছে আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এতে অংশ নেন। এসময় বক্তারা বলেন- ‘নৌকার প্রার্থী হিসেবে যাকেই বাছাই করা হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’