জকিগঞ্জ টিভি :: বাংলাদেশে নিরাপদ শিক্ষাঙ্গন, দূর্নীতি দমন ও আবরার হত্যার বিচারের দাবীতে লন্ডনে লেডিস ক্লাব ইউকে এ্যান্ড ইউরোপ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর সোমবার লন্ডনস্থ আলতাব আলী পার্কে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজকে নিরাপদ শিক্ষাঙ্গন হিসাবে গড়ে তোলার দাবীসহ, দুর্নীতি দমন ও বুয়েটের আবরার ফাহাদের হত্যাকান্ডের সুষ্ঠ ও ন্যায়বিচারের দাবী জানানো হয়। সহপাঠিদের পিটুনিতে হত্যা হবার মত বিকৃত দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই দাবী জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন লেডিস ক্লাব ইউকে ও ইউরোপের প্রতিষ্ঠাতা হাসিনা আক্তার, অনলাইন এ্যাক্টিভিষ্ট লিপি হালদার, ব্রিটিশ বাংলাদেশী ইউমেন্স ফোরাম ইউকের সহ সভানেত্রী অঞ্জনা আলাম, নোয়াখালী সমিতি লন্ডনের প্রতিনিধি রুমা জাফর। এছাড়াও উপস্থিত ছিলেন মানব রাফি, কবি লতিফ রহমান, দেলোয়ার হোসেন, আশিকুর রহমান, লেডিস ক্লাবের সদস্য আশরাফি নিপা, শিশু এ্যাক্টিভিষ্ট জাওয়াদ রেজা চৌধুরী, সাংবাদিক আহসানুল শোভন, শামসুর রহমান, আনোয়ারুল অভি প্রমুখ।

মানববন্ধনে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়ে সুষ্ঠু ও ন্যায় বিচারের মাধ্যমে আবরার হত্যা সহ অন্যান্য হত্যার বিচার দ্রুত সময়ে বাস্তবায়নের মাধ্যমে এ ধরনের ঘটনা বন্ধের দাবী জানানো হয়। হলগুলোতে টর্চার সেল বন্ধ, প্রশাসনের দুর্নীতি দমনসহ, ভীতিহীন সমতা ভিত্তিক শিক্ষাব্যবস্থার দাবী জানিয়ে সমাবেশটির সমাপ্তি ঘটে।