জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম আনন্দপুর গ্রামের বাসিন্দা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ফারুক আহমদ গুরুতর অসুস্থ হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিগত কয়েকদিন থেকে তিনি ডায়োবেটিকস ও পিথে পাথরসহ কয়েকটি রোগে ভোগছেন। সোমবার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে মঙ্গলবার রাত আটটায় তার অপারেশন করা হয়। কিন্তু এর পর থেকেই ভূল অপারেশনের অভিযোগ উঠেছে।
জানা যায়, ফারুক আহমদ প্রচন্ড বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে বুকের বাম পাশে পাথর আছে জানিয়ে দ্রুত অপারেশন করার জন্য বলেন। পরে অপারেশন করাতে রাজি হলে হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটের সময় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। যেখানে ডা. জামাল রোগীকে অপারেশন করবেন বলে জানা যায়। অপারেশন করার সময় পাথর যে স্থানে রয়েছে সেই স্থানে অপারেশন না করে ভূলবশত অন্যস্থানে অপারেশন করা হয় এবং সেখান থেকে কালো গোল রঙের ক্ষতস্থানে পানি জমাট বাধা দেখা যায়।
পরে, অপারেশন শেষে হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার সময় রোগীর স্বজনদের কাছে ডা. জামাল বলেন- তিনি দুঃখিত, তিনি বুঝে উঠতে পারেন নি যে রোগীর শরীরের ওই স্থানে ক্ষত রয়েছে যেখানে পানি জমাট বাধা ছিল, তিনি সেখানটাতে অপারেশন করেছেন।
ডা. জামাল রোগীর স্বজনদের আশ্বাস দেন যে, তিনি সকালের ভেতরে রোগীকে সুস্থ করে তুলবেন এবং পরবর্তীতে সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেন। দীর্ঘ দেড় ঘন্টা অপারেশন করার পর অপারেশন থিয়েটার থেকে বের করে রোগীকে আইসিউতে ভর্তি করা হলেও বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন।
